লুৎফর রহমান রিটন
তোমরা যারা প্রশ্নপত্র ফাঁস করো হে--
কোমলমতি ছেলেমেয়ের সুস্থ বিকাশ নাশ করো হে, ছিঃ...
একবারও কী হয়না ঘৃণা নিজের প্রতি?
হয়না মনে এটা তোমার নিজের ক্ষতি?
নিজের পায়ে কুড়াল মারার কোন সমাজে বাস করো হে, ছিঃ
তোমরা যারা প্রশ্নপত্র ফাঁস করো হে--
নিজের সুস্থ সন্তানেরে জীবন্ত এক লাশ করো হে, ছিঃ
নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করে
ছেলেমেয়ের ভবিষ্যতকে নষ্ট করে
মুর্খ একটা জেনারেশন হাসতে হাসতে চাষ করো হে, ছিঃ
তোমরা যারা প্রশ্নপত্র ফাঁস করো হে--
দূর-প্রসারী ধ্বংস-ছকে একটা নিরব 'ত্রাস' করো হে, ছিঃ
শাস্তি হয় না অপরাধের, তোমরা গুণী
লক্ষ হাজার শিশুর দোহাই--'তোমরা খুনি'
অবলীলায় খুন করো আর শিক্ষাটাকেই 'গ্রাস' করো হে, ছিঃ