[প্রথমপাতা]

 

 

 

ফুল-ফাগুনের আগুনজ্বলা রৌদ্রতপ্ত দিন

 

-লুৎফর রহমান রিটন- 

 

 

১
বসন্ত উৎসবে হলুদের সমারোহ
ফাগুনেই প্রেম আসে ফাগুনেই বিদ্রোহ।

২
ওরে আমার সোনাপাখি
ওরে আমার সোনা
তোকে শুধু করবো আদর
একটুও বকবো না।

আয় না কাছে আয়
ফুল-ফাগুনের আকুল করা ব্যকুল আঙিনায়।

৩
গাছের ডালে পাতার ফাঁকে
কোকিল ডাকে কুহু,
তোমার খোঁপায় তারার বাতি
জ্বলছে মুহুর্মুহু।
আমি বললাম—ভালোবাসবো।
তুমি বললে—উঁহু...

৪
কুহকজালে বন্দি জীবন। সকলই বিভ্রম!
জীবন তো নয় দুই বিনুনির বালিকা আশ্রম!
কবির থাকে নির্ঘুম রাত স্বপ্নকাতর চোখ
চোখের বিষাদ থেকেই তবে ফুলের বন্যা হোক।

ফুল-ফাগুনের আগুনজ্বলা রৌদ্রতপ্ত দিন
এই ফাগুনে শোধ হবে না ভালোবাসার ঋণ!

 

_________________________
০১ ফালগুন ১৪২০
১৩ ফেব্রুয়ারি ২০১৪

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ