|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 日曜日, 10月 11, 2026 16:09 |

 

তারেক রহমানের জাপান সফর ঘিরে প্রস্তুতি সম্পন্ন

 

 

 

রাহমান মনি / টোকিও

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে প্রবাসী বিএনপি সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২৬ অক্টোবর সোমবার চার দিনের সরকারি সফরে তাঁর টোকিও পৌঁছানোর কথা রয়েছে। সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে বাংলাদেশ দূতাবাস, জাপান বিএনপি এবং প্রবাসী ব্যবসায়ী সমাজ নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। কূটনৈতিক প্রস্তুতির পাশাপাশি জাপান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও সমন্বয় কার্যক্রম চলছে। দলীয় বিভক্তি সত্ত্বেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে দলীয় প্রধানের সফর সফল করতে কাজ করছেন।

প্রবাসী ব্যবসায়ী সমাজও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভায় প্রবাসী ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা, অগ্রাধিকার, নীতিগত প্রস্তাবনা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে গত ৯ অক্টোবর শুক্রবার জাপানপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বহু নেতাকর্মীর উপস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।

সভায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করীম রেজা।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তারেক রহমানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর শীর্ষপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে তাঁর সাক্ষাতেরও কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। পাশাপাশি ইতোমধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পেতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে এবং জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

যোগাযোগ: rahmanmoni@gmail.com

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]