প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 金曜日, 1月 30, 2026 18:16 |

টোকিওতে সরস্বতী পূজা উদযাপিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টোকিওতে উদ্‌যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। গত জানুয়ারি ২৫ তারিখে টোকিও শহরের কিতা ওয়ার্ডের তাকিনোগাওয়া নিশি কুমিন সেন্টারে স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন সার্বজনীন পূজা কমিটি এ পূজার আয়োজন করে। প্রচন্ত ব্যস্ততার ও ব্যয়বহুল এ জাপানে স্থায়ী মন্দিরের অভাবে পূজা কমিটি প্রতি বছর সাধারনত পূজার সন্নিকটে কোন এক রবিবারে টোকিও শহরে পাবলিক কোন হল ভাড়া করে দুর্গাপূজা ও সরস্বতী পূজার আয়োজন করে থাকে।

সকালে পূজার মন্ডপে এসে পূজার প্রস্তুতি শুরু করেন পূজার পুরোহিত মানিক চক্রবর্তী। এরপর একে একে পূজার মন্ডপে আসতে শুরু করেন পূজারী ও অতিথিবৃন্দ। প্রচন্ত কনকনে শীতের মাঝেও দূর-দূরান্ত থেকে পূজারীরা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী মায়ের বাণী অর্চনা ও অঞ্জলি দেওয়ার জন্য ছুটে আসেন। পূজার এ অনুষ্ঠানে একজন ছোট শিশুর হাতে খড়ি দেওয়া হয়। আবহমান বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কিছু জাপানিও উপস্থিত ছিলেন।

পূজার অঞ্জলি শেষে উপস্থিত ভক্তদের মাঝে পূজার প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর পূজা কমিটি পর্যাপ্ত পরিমাণ পূজার প্রসাদ তৈরী করে থাকেন। অনেকে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন পূজার এ প্রসাদের জন্য। এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা পর্বে পলি বণিকের উপস্থাপনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি কানু গোপাল কুন্ডু, সাধারণ সম্পাদক রতন বর্মণ, উপদেষ্টা বিপ্লব সাহা, সহ-সভাপতি তাপস সাহা ও কোষাধ্যক্ষ ড. অতনু সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টোকিস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মণ। প্রধান অতিথি মোরারজী দেশাই বর্মণ পূজা কমিটিকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও এ প্রবাসে প্রতিবছর সরস্বতী পূজা আয়োজন করার জন্য পূজা কমিটিকে ধন্যবাদ জানান।

এরপর পপি ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে আগত স্থানীয় শিল্পীবৃন্দ ও ছোট ছোট প্রবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ অনুষ্ঠানে তনুতা ঘোষ, শ্রীদিকতা বাড়ৈ, মৃন্ময়ী পাল শ্রেয়া, আরিষা সাহা, শ্রেয়সী বাড়ৈ, তিয়াশা বণিক, তানিশা বৈদ্য, আরিয়ানা সাহা, আংকা বণিক, রিংকা বণিক, শ্রেষ্ঠা মৈত্র, সুলগ্না মৈত্র, পলি সরকার ও অনামিকা দাশ নাচ ও গান পরিবেশন করেন। পরিশেষে পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক শুভজিৎ রায় অভি ভক্তিমূলক গান ও কীর্তন দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। এর মধ্য দিয়ে শেষ হয় এবার পূজার সকল আয়োজন।

প্রচন্ড ব্যয়বহুল ও ব্যস্ততার এ শহরে প্রতিবছর সুন্দরভাবে পূজার এ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পূজার কর্মকর্তা ও একদল স্বেচ্ছাসেবক প্রচুর পরিশ্রম করে থাকেন। পূজা কমিটির প্রচেষ্টাকে ও সুন্দর-সুশৃংখল অনুষ্ঠান আয়োজনের জন্য জাপান প্রবাসী বাংলাদেশিরা পূজা কমিটিকে ধন্যবাদ জানিয়ে থাকেন।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]