|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 火曜日, 10月 13, 2026 16:47 |

 

ঢাকাইয়া আপ্যায়নে মুগ্ধ জাপান প্রবাসীরা, অনুষ্ঠিত হলো ‘খানা দানা আর আউর মেহমানদারি ২০২৬’

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

টোকিও: দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত জাপানের বাংলাদেশি কমিউনিটি। প্রবাসে যেকোনো আয়োজন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে ওঠে সবার মিলনমেলা। এরই ধারাবাহিকতায় টোকিওতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন ‘খানা দানা আর আউর মেহমানদারি ২০২৬।

১১ অক্টোবর, রোববার, টোকিওর ওতা সিটির দেন-এন চোউফুর মনোরম পরিবেশে এ আয়োজন করেন জাপানপ্রবাসীদের পরিচিত মুখ হোসেন শাহ (শাহু) ও শামীম আহমেদ। তাঁদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ছিল পঞ্চমবারের মতো।

‘ভালো বন্ধুরা তারার মতো। সব সময় তাদের দেখা না গেলেও বিশ্বাস থাকে, তারা চিরকাল পাশে থাকবে’—বন্ধুত্বের এই বার্তাকে ধারণ করেই সাজানো হয় এবারের আয়োজন।

আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে শুধু টোকিও নয়, জাপানের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি-পেশার প্রবাসীরা এতে অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দেন-এন চোউফু পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়। মনে হচ্ছিল, জাপানের মাটিতেই যেন গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ।

দুপুরের খাবারের মধ্য দিয়ে শুরু হওয়া আপ্যায়ন পর্ব বিকেল পর্যন্ত চলে। এরপর শুরু হয় জমজমাট আড্ডা, হাসি-আনন্দ আর স্মৃতিচারণ। বিকেলে কেকের সঙ্গে ঢাকাইয়া জর্দা এবং সবশেষে ঐতিহ্যবাহী ঢাকাইয়া ঝালমুড়ি আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা।

বন্ধুত্ব, আন্তরিকতা ও নিজস্ব সংস্কৃতির মেলবন্ধনে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর। ঢাকাইয়া খাবার ও আপ্যায়নের ঐতিহ্যকে সঙ্গী করে আয়োজকেরা প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রয়াস চালান।

এভাবেই ‘খানা দানা আর আউর মেহমানদারি ২০২৬’ হয়ে ওঠে নিছক ভোজের আয়োজনের বাইরে প্রবাসী বাংলাদেশিদের মিলন, বন্ধুত্ব ও আন্তরিকতার এক স্মরণীয় উৎসব।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]