|  প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 月曜日, 9月 28, 2026 15:12 |

 

জাপানে বিদেশিদের নামে চুরির মিথ্যা অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে 

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

টোকিও-ভিত্তিক একটি সাইবার নিরাপত্তা সংস্থার তদন্তে দেখা গেছে, জাপানে রেললাইন থেকে বিদেশিরা লোহা চুরি করছে বলে মিথ্যাভাবে চিত্রিত করা ভিডিও দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার আপাত উদ্দেশ্য হলো বিদেশিদের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা।

কনস্টেলা সিকিউরিটি জাপান ইনকর্পোরেটেডের মতে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এক্স, ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে ‘লোহা চুরি’র মতো বিবরণসহ এমন সব সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়, যেখানে বাস্তবে ঘটনাটি বিদেশে ধারণ করা পুরোনো ভিডিও ফুটেজ, জাপানে সেগুলো প্রায় ৪৩ লক্ষ ভিউ পেয়েছিল।

মার্চ মাসে একটি এক্স পোস্টে "বিদেশীরা লোহা চুরি করছে" এবং "রেললাইন থেকে লোহা চুরি" শিরোনাম দেওয়া হয়েছিল, যার সাথে বিদেশী বলে মনে হওয়া কিছু লোকের রেললাইন থেকে তার সরিয়ে নেওয়ার ফুটেজ যুক্ত ছিল। একই ভিডিও টিকটকেও পোস্ট করা হয়েছিলো।

কনস্টেলা দেখতে পায় যে, ফুটেজটি গত বছরের আগস্টে বিদেশে ইনস্টাগ্রামে আরবি ভাষায় পোস্ট করা একটি ভিডিওর সাথে মিলে গেছে। এটি মূলত আরব দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল এবং জাপানের রেলপথ বা চুরির সাথে এর কোনো সম্পর্ক ছিল না।

এ বছরের মার্চ মাস থেকে জাপানে ছড়িয়ে পড়া পোস্টগুলিতে আরবি লেখার পরিবর্তে সম্পর্কহীন জাপানি বিবরণ ব্যবহার করা হয়েছিল, যার ফলে কোম্পানিটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে এটি একটি মিথ্যা তথ্য ছিল।

জাপানে তথ্যটি প্রচারকারী অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে, তাদের মধ্যে অনেকেই আগে বিদেশি কর্মী গ্রহণের বিরোধিতা করে বার্তা পোস্ট করেছিল। এমন একটি অ্যাকাউন্টের ৭০,০০০ ফলোয়ার ছিল।

কনস্টেলার বিশ্লেষক রিউনা নাগামিন বলেছেন, সাম্প্রতিক এই ঘটনায় "নিজের দাবিকে জোরালো করার জন্য সম্পর্কহীন ভিডিওতে ব্যাখ্যা যোগ করে মিথ্যা তথ্য তৈরির একটি সাধারণ কৌশল" ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষক বলেছেন, যে দর্শকরা কোনো পোস্টের সত্যতা নিয়ে সন্দিহান, তাদের উচিত লিখিত বিষয়বস্তু থেকে ভিডিওর বিষয়বস্তুকে আলাদাভাবে বিবেচনা করে এর সত্যতা যাচাই করে নেওয়া।

অলাভজনক সংস্থা ও গণমাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্য সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবং তথ্যের সত্যতা যাচাই করার জন্য উদ্যোগী হওয়ার অনুরোধ করেছে।

২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির বিপর্যয় এবং ২০২৪ সালে ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের পর বিদেশিদের চুরি করার মিথ্যা দাবি করে অপতথ্য ছড়ানো হয়েছিল। অতি সম্প্রতি, জাতীয় নির্বাচনের সময় বিদেশিদের সংঘটিত অপরাধের সংখ্যার দুর্বল প্রমাণসহ বিদেশি-বিরোধী পোস্ট দেখা গেছে। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]