|  প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 日曜日, 9月 27, 2026 15:10 |

 

জাপানে বিদেশিদের প্রতিষ্ঠিত ব্যবসা ৫২% কমে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

‘তেইকোকু ডেটাব্যাংক’-এর নতুন কোম্পানি নিবন্ধনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাপানে বিদেশি মালিকানাধীন নতুন ব্যবসার সংখ্যা ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্যভাবে কমে আনুমানিক ৪,৭৩১-এ নেমে এসেছে। এটি আগের বছরের একই সময়ের ৯,৮৫১টি থেকে ৫২% কম এবং এমনকি ২০২২ সালের প্রথমার্ধের ৫,৪৪৯টি সংখ্যার চেয়েও কম—যা জাপানে মহামারি-পরবর্তী পুনরুদ্ধারের পর থেকে সর্বনিম্ন।

মূলত বসবাসের অনুমতি পাওয়ার উদ্দেশ্যে খোলা ‘শেল কোম্পানি’ (নামমাত্র কোম্পানি) বা লোক দেখানো ব্যবসা সংক্রান্ত উদ্বেগ নিরসনে ২০২৫ সালের অক্টোবরে ‘বিজনেস ম্যানেজার’ বা ব্যবসায়িক ব্যবস্থাপক হিসেবে বসবাসের মর্যাদার (রেসিডেন্স স্ট্যাটাস) নিয়মে যে সংশোধনী আনা হয়েছিল, তার ফলেই এই সংখ্যা কমেছে।

সংশোধিত নিয়মে শর্তাবলী কঠোর করা হয়েছে: যেমন—ন্যূনতম মূলধন ৫০ লাখ (৫ মিলিয়ন) ইয়েন থেকে বাড়িয়ে ৩ কোটি (৩০ মিলিয়ন) ইয়েন করা, অন্তত একজন পূর্ণকালীন কর্মী নিয়োগ, জেএলপিটি (JLPT) এন২ (N2) পর্যায়ের জাপানি ভাষা দক্ষতা এবং সনদপ্রাপ্ত পেশাজীবী দ্বারা ব্যবসায়িক পরিকল্পনা যাচাই বাধ্যতামূলক করা।

পরিবর্তনের আগে মাসিক আবেদনের গড় সংখ্যা ছিল ১,৪০০; সংশোধনের পর তা কমে প্রায় ৮০০-তে নেমে আসে (যা প্রায় ৪০% হ্রাস)। উল্লেখ্য, পরিবর্তনের ঠিক আগে সময়সীমা শেষ হওয়ার তাড়াহুড়োর কারণে ২০২৫ সালজুড়ে মাসিক আবেদনের সংখ্যা রেকর্ড ২০,০০০-এ পৌঁছেছিল। জাপান ডেইলি।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]