[প্রথমপাতা]

 

 

 

জাপানি তিমি শিকারি জাহাজগুলো ফিরে আসছেঃ তিমির সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস
 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ১০, ২০১২ ।।

তিমি শিকার বিরোধী গ্রুপের তৎপরতায় জাপানি তিমি শিকারিদের হারপুন এ বছর ২৬৭টি তিমি শিকার করতে সক্ষম হয়েছে। শিকারকৃত তিমির সংখ্যা তাদের লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশেরও কম। শুক্রবার জাপান সরকার এ বছরের তিমি শিকার মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন।

জাপানের মৎস বিভাগ বলেছে, জাপানের জাহাজগুলো অ্যান্টারটিকা থেকে যথা সময়ে ঘরের পথে রওনা দিয়েছে। কিন্তু তারা স্বীকার করেন এ বছর তাদের প্রত্যাশার চাইতে কম সংখ্যক তিমি ধরা পড়েছে।

তিমি শিকারিরা ২৬৬টি মিনক এবং একটি ফিন তিমি শিকার করতে সক্ষম হয়েছে। মৎস বিভাগের মতে, গত বছরের ডিসেম্বরে তিমি শিকারির দল যখন জাপান ছাড়ে তখন তাদের লক্ষ্য ছিলো মোটামুটিভাবে ৯০০টি তিমি শিকার করা।

মৎস বিভাগের এক কর্মকর্তা বলেছেন, এ বছর তিমি শিকারের সংখ্যা বিভিন্ন কারণে অনেক কম। এসব কারণের মধ্যে রয়েছে খারাপ আবহাওয়া এবং তিমি শিকার বিরোধীদের তৎপরতা। তিনি বলেন, তবে অবশ্যই তিমি শিকার বিরোধীদের তৎপরতা এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পরিবেশবাদী গ্রুপ সি শেপার্ড এ বছরের প্রায় পুরো সময়টা জুড়েই জাপানি জাহাজগুলোর জন্য মাথা ব্যাথার কারণ হয়েছিলো।

তারা জাপানি জাহাজগুলোর দিকে দুর্গন্ধযুক্ত পদার্থ নিক্ষেপ, জাহাজের প্রপেলারে দড়ি ছুঁড়ে জড়িয়ে দেয়া সহ নানান ধরনের উপদ্রব সৃষ্টি করে। অবশ্য তিমি শিকারিরাও এর জবাবে সি শেপার্ডের দিকে জলকামান নিক্ষেপ করে।

২০১০-২০১১ সেশনে সি শেপার্ডের হাতে নাজেহাল হয়ে জাপান মাত্র ১৭২টি তিমি শিকার করে ফিরে আসে।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]