[প্রথমপাতা]

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার
সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

 


মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, উপস্থাপনাসহ মিডিয়ার প্রায় ক্ষেত্রেই নাজনীন হাসান চুমকীর পদচারণা। শনিবার তিনি কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ মঞ্চে কাজ শুরু করেন কবে থেকে?

চুমকীঃ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মঞ্চে কাজ করার। ১৯৯২ সাল থেকেই আমি থিয়েটারে অল অল কাজ করতাম। তারপর ১৯৯৬-এর দিকে আমি দেশ নাটকে যুক্ত হই। মাঝখানে প্রায় চার বছর বিভিন্ন কারণে আর থিয়েটারে কাজ করা হয়নি।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ মঞ্চে আপনার প্রথম নাটক কোনটি?

চুমকীঃ মঞ্চে আমি অভিনয় করি লোহা শিরোনামের একটি নাটকে। এটি প্রযোজনা করেছে থিয়েটার দল দেশনাটক।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ টিভি নাটকে এলেন কিভাবে?

চুমকীঃ নাট্যনিমার্ঞ্চতা অনন্ত হীরার হাত ধরেই আমার টিভি নাটকের পথচলা। থিয়েটারে আমার লোহা নাটকটি দেখে অনন্ত হীরা আমাকে টিভি নাটকে অভিনয় করার জন্য বলেন। তখন 'যেতে যেতে অবশেষে' শিরোনামের একটি নাটকে আমি প্রথম কাজ করি। অগ্নিনরথ আমার জীবনের প্রথম ধারাবাহিক নাটক। অভিনয়ের পাশাপাশি আপনি নাটকও লিখেন। এই বিষয়ে কিছু বলুন। আমি যখন থিয়েটার থেকে টিভি নাটকে কাজ করা শুরু করি তখন থেকেই ভাবছিলাম নাটক লিখব। সেই ইচ্ছা থেকেই নাটক লেখা শুরু করি। এরই মধ্যে আমার লেখা কয়েকটি নাটকের কাজ প্রায় শেষ হয়েছে। তার মধ্যে 'বাইনোকুলার', 'অন্ধকারে রঙ খুঁজি', 'তবুও নীল' ইত্যাদি অন্যতম। নতুন ধারার নাটক আমার কাছে ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সে ধরনের নাটক তৈরি করতে।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ উপস্থাপক হিসেবে নিজেকে টিভিতে কিভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন?

চুমকীঃ আমি সব সময় চেষ্টা করেছি ভালো কাজ করতে। শুধু উপস্থাপনাই নয়, নাটক এবং চলচিত্র সব জায়গায়। ২০০৪ সালে ইটিভিতে ও বন্ধু আমার অনুষ্ঠানে আমি প্রথম উপস্থাপনা শুরু করি। মাঝখানে কয়েক বছর আর উপস্থাপনা করা হয়নি। সম্প্রতি দেশ টিভির একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছি। অনুষ্ঠানটির নাম 'আমরা দু'জন দেখতে কেমন'।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ চলচ্চিত্রে কবে এসেছেন?

চুমকীঃ আমার প্রথম চলচিত্র হচ্ছে 'লালন' ২০০৩ সালে। তারপর ২০০৮ সালে দ্বিতীয় চলচিত্র 'ঘানি'। এই চলচিত্রের মাধ্যমে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আর সম্প্রতি কাজী মুরশেদের লেখা ও পরিচালনায় 'একই বৃত্তে' চলচিত্রে অভিনয় শুরু করছি। আমি সবসময় চেষ্টা করি একটু যত্ন দিয়ে অভিনয় করতে। আশা করছি, এই চলচ্চিত্রেও এর ব্যতিক্রম হবে না।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ মিডিয়ায় কাজ করতে গিয়ে কি কোনো ধরনের সমস্যায় পড়তে হয়েছে?

চুমকীঃ মিডিয়ায় কাজ করতে গেলে ছোটখাটো সমস্যায় তো পড়তে হয়; কিন্তু আমার কাছে যেটা মনে হয়, নিজে যদি একটু সাবধানে কাজ করি তাহলে কোনো সমস্যায়ই পড়তে হবে না। আমি সব সময় আমার পরিবারের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আর তাই আমি সব ধরনের মিডিয়ায় কাজ করতে পেরেছি।

কমিউনিটি স্কাইনেটজেপিঃ আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

চুমকীঃ আপনাকে ও জাপান থেকে প্রকাশিত কমিউনিটির সকল পাঠক-পাঠিকাদেরকেও আমার ধন্যবাদ।
 

[প্রথমপাতা]